রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, আজ আমাদের আকদ হয়েছে। পরে ধুমধাম আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি।

দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন দীপ্তি চৌধুরী।

উল্লেখ্য, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ টকশোতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেছিলেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

সেই অনুষ্ঠানে দীপ্তি চৌধুরী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়ে বিচারপতি মানিকের বক্তব্যের প্রতিবাদ জানান। তার দৃঢ় ও বলিষ্ঠ অবস্থান সে সময় ব্যাপক প্রশংসিত হয় এবং অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

দীপ্তি চৌধুরীর বাবা শিবলী চৌধুরী। তার দাদা নুরুল ইসলাম চৌধুরী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102