বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদল নেতা মো. আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত কর্মশালা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের একটি মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান।
এসময় পথে ছাত্রদলের নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। সিনেট ভবন থেকে মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে প্রধানমন্ত্রী পৌঁছানো পর্যন্ত এই ভিড় দেখা যায়।
যাওয়ার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান ভিড় ঠেলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এক সদস্য গলাধাক্কা দিয়ে বাধা দেন। পরবর্তীতে ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আমানউল্লাহ আমান বলেন, অতিরিক্ত ভিড় ও পরিস্থিতির চাপের কারণে ঘটনাটি ঘটেছে এবং এটি ইচ্ছাকৃত ছিল না বলে তিনি মনে করেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চাপ তৈরি হয় তিনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি এটা উপচে পড়া ভিড়ের মধ্যে হিট অব দ্য মোমেন্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, তারেক রহমানকে কেন্দ্র করে জনসমাগম ও আবেগঘন পরিবেশে নিরাপত্তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তার মতে, এসব পরিস্থিতিতে ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে তা পরিকল্পিত নয়।
অন্যদিকে সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করে আমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পক্ষ ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে।
তারেক রহমানকে ঘিরে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি নেতার পাশে থাকবেন এবং যেকোনো পরিস্থিতিতে তার প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।
ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত এসএসএফ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।