বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ধামরাই ও ধানমন্ডিতে পৃথক দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য টিকাদান’ শীর্ষক এই আয়োজনগুলোর মূল লক্ষ্য ছিল রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরা এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠন করা।
ধামরাইয়ের ‘শৈলান প্রবীণ নিবাসে’ আয়োজিত এক সভায় প্রধান বক্তা ছিলেন ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। তিনি বলেন, সুস্থ ভবিষ্যৎ গঠনে ইমিউনাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শৈলান প্রবীণ নিবাসে আয়োজিত এই অনুষ্ঠানে ৫০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকার গুরুত্ব বিবেচনায় সাইনোভিয়া ফার্মা বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করে। এতে প্রায় ৫২ জন বাসিন্দাকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শৈলান নিবাসের চেয়ারম্যান দিলরুবা কবির এবং ডা. ফায়জুল কবির খান।
এদিকে রাজধানীর লিটল হেভেন ডে-কেয়ার ও সালিম উইজডম স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আরেকটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ডা. সাবরিনা শাহনাজ রশিদ। তিনি শিশুদের টিকাদানের প্রয়োজনীয়তা এবং টিকা নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
সাইনোভিয়া ফার্মার সহযোগিতায় আয়োজিত উভয় অনুষ্ঠানে বক্তারা টিকাদানকে জনস্বাস্থ্যের অন্যতম কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানটির ভ্যাকসিন ও অঙ্কোলজি বিভাগের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ ওসমান গনি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) তাসফিন মোস্তফা ধন্যবাদ জানান। তারা সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত টিকা গ্রহণের আহ্বান জানান।