দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, যা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৯ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফায় দাম বেড়েছে এবং ২৭ দফায় কমানো হয়েছে।
এদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।