বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে– এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।
অর্থনৈতিক সংকট নিয়ে এ সংসদ সদস্য বলেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করার মাধ্যমে বোঝা যায় চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতার পরিবর্তন হয়নি।
সরকারকে হুঁশিয়ার করে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না এনসিপি।
এর আগে সমন্বয় সভায় এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আখতার হোসেন। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।