ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ এবার যুক্ত হলো ফুটবলের গ্ল্যামার। ইংলিশ ফুটবল ও রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ক্রিকেট দল বার্মিংহ্যাম ফিনিক্সের মালিকানার একটি অংশ কিনেছেন। এই ফ্র্যাঞ্চাইজি দলটিতেই আগামী মৌসুমে খেলার কথা রয়েছে বাংলাদেশের পেস বোলিং তারকা মুস্তাফিজুর রহমানের।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ক্রিকেটার’-এর প্রতিবেদন অনুযায়ী, বার্মিংহ্যামের স্থানীয় ছেলে বেলিংহ্যাম তার বেড়ে ওঠার শহরের ক্রিকেট দলের সাথে যুক্ত হতে এই বিনিয়োগ করেছেন।
সম্প্রতি স্বাগতিক কাউন্টি দল ওয়ারউইকশায়ার তাদের বার্ষিক রিপোর্টে জানায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে দলের মালিকানার ১.২ শতাংশ একজন ব্যক্তিগত বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হয়েছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে, এই মালিকানা কিনেছেন বেলিংহ্যাম।
বর্তমানে বার্মিংহ্যাম ফিনিক্সের মালিকানায় বড় অংশীদার হিসেবে আছে কাউন্টি দল ওয়ারউইকশায়ার এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল। নাইটহেড ক্যাপিটাল মূলত ফুটবল ক্লাব বার্মিংহ্যাম সিটি এফসিরও মালিক। বেলিংহ্যামের এই ১.২ শতাংশ শেয়ার কেনার ফলে এখন ফ্র্যাঞ্চাইজিটির ৫০.৪ শতাংশ মালিকানা থাকছে ক্লাবের হাতে এবং নাইটহেডের হাতে থাকছে ৪৮.৪ শতাংশ।
জানা গেছে, এই ক্ষুদ্র অংশের মালিকানা পেতে বেলিংহ্যামকে গুনতে হয়েছে প্রায় ১ মিলিয়ন পাউন্ড। মূলত বার্মিংহ্যাম সিটির একাডেমি থেকেই ফুটবলার হিসেবে বিশ্বমঞ্চে পা রাখেন বেলিংহ্যাম।
মাত্র ১৬ বছর বয়সে দলটির হয়ে মূল দলে খেলে সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডও গড়েছিলেন তিনি। পরবর্তী সময়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড হয়ে ২০২৩ সালে ৮৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন এই তারকা।