জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
গোলাম পরওয়ার বলেন, নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি উল্লেখ করেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। ফলে খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য বড় চাপ সৃষ্টি করবে।
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে এবং তা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। একই সঙ্গে কৃষি খাতেও এর বিরূপ প্রভাব পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।