ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি সাধারণ আসনের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের জন্য ১৩টি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়েছে। এর মধ্যে জোটের শরিক এনসিপি একটি আসন পেতে যাচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। পাশাপাশি এনসিপির অতিরিক্ত একটি আসনের দাবিও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি তাদের প্রাপ্যতার হিসাব তুলে ধরে আরও একটি আসনের দাবি জানিয়েছে এবং এ বিষয়ে জোটের ভেতরে আলোচনা চলছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হবে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।
এ ছাড়া আঞ্চলিক প্রতিনিধিত্ব বিবেচনায় চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ ও প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম আলোচনায় রয়েছে। জোটের শরিক দলগুলোর পক্ষ থেকেও কয়েকজনের নাম এসেছে, যাদের মধ্যে রয়েছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।