বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, তা থেকে বোঝা যায় বিএনপি নিজেই উপলব্ধি করতে পারছে না যে তারা কীভাবে নিজেদের কোমর পর্যন্ত গর্তে নামিয়ে ফেলেছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য নির্ধারিত ১৮০ দিনের সময়সীমার মধ্যে বিএনপির শুভবুদ্ধির উদয় না হলে, ৭০ শতাংশ জনগণের রায় পদদলিত করার এই দুঃসাহসের যথাযথ জবাব দিতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেওয়া হয়েছিল। হারিয়ে যাওয়া সেই স্বাধীনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা পুনরুদ্ধার করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে যদি আবারও আমাদের স্বাধীনতাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে। তিনি বলেন, আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ খুঁজে নিতে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলকে ধারাবাহিকভাবে সক্রিয় ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির এবং জোন পরিচালক এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শাহীন আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন উপস্থাপন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সমাদ। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর এডভোকেট মো. মারুফুল ইসলাম। অনুষ্ঠানে পল্টন-শাহবাগ-রমনা জোনের সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মতিঝিল-শাহজাহানপুর জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবির মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী অগ্রসর কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।