চলতি মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ২১ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে।
আর গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।