শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নারী সিক্স নেশনসে ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করছে ইংল্যান্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের নারী রাগবি দলে যেন প্রতিভার কোনো শেষ নেই। ইনজুরি, অবসর আর মাতৃত্বকালীন ছুটির কারণে নিয়মিত স্কোয়াডের আটজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ছাড়াই আজ থেকে শুরু হওয়া ২০২৬ সালের ‘উইমেন্স সিক্স নেশনস’ টুর্নামেন্টে খেলতে নামছে তারা। 

বড় তারকাদের অনুপস্থিতি সত্ত্বেও টুর্নামেন্টে ‘রেড রোজেস’ খ্যাত ইংল্যান্ডকেই ধরা হচ্ছে শিরোপার প্রধান দাবিদার।

ইংল্যান্ড দলে যেন বিশ্বমানের খেলোয়াড় তৈরির এক অফুরন্ত কারখানা রয়েছে। দলের নিয়মিত অধিনায়ক জো স্ট্র্যাটফোর্ড বর্তমানে অন্তঃসত্ত্বা হওয়ায় নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছে মেগ জোনসের হাতে, যিনি বিশ্বসেরা নারী খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন।

একইভাবে অ্যাবি ডাউয়ের মতো তারকার অবসরের পর সেই শূন্যস্থান পূরণে তৈরি আছেন ক্লডিয়া মোলোনি-ম্যাকডোনাল্ডের মতো প্রতিভাধররা। সবার আগে পূর্ণকালীন পেশাদার চুক্তি চালু করা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার সুফলই এখন ভোগ করছে তারা।

দলের কোচ জানান, তার দল এখনও তাদের শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছাতে পারেনি। মিচেলের মতে, দলের তরুণ খেলোয়াড়দের মধ্যে আরও উন্নতি করার ক্ষুধা রয়েছে। ১১ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া এই মিশনে আগামী চার বছর আধিপত্য বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

টুর্নামেন্টের পরিসংখ্যান বলছে, গত সাত বছর ধরে টানা শিরোপা জিতেছে ইংল্যান্ড। তবে এবারের আসরে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ফ্রান্স ও আয়ারল্যান্ড।

গত আসরে ফ্রান্সের বিপক্ষে ৪৩-৪২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছিল ইংল্যান্ড। ফরাসিরা এবার নতুন কোচ ফ্রাঁসোয়া রতিয়েরের অধীনে পুরোনো আক্ষেপ ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া।

অন্যদিকে, আয়ারল্যান্ড তাদের ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়ে ইংল্যান্ডকে রুখে দেওয়ার পরিকল্পনা করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102