বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক সভায় যোগ দিতে আগামী শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৮ এপ্রিল) এক বিশ্বস্তসূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের গ্রীষ্মকালীন সভা সোমবার (১৩ এপ্রিল) থেকে শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী সেখানে অবস্থানকালে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের আগত নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন।
সূত্র জানায়, বৈঠকগুলোতে জ্বালানি তেল, বাজেট সহায়তা, বিনিয়োগসহ বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক অর্থনীতির চলমান চ্যালেঞ্জ ও উন্নয়নশীল দেশগুলোর ওপর তার প্রভাব নিয়েও মতবিনিময় করতে পারেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত কর্মকর্তা ড. আসিফ ইকবাল। বার্ষিক এই সভা শেষে আগামী ১৯ এপ্রিল দেশে ফিরবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।