নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে। ফলে সংরক্ষিত প্রতীকের সংখ্যা বেড়ে হয়েছে ১২০টি। তালিকায় ‘নৌকা’ প্রতীক রাখা হলেও আগের মতো সেটিকে ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশ করে ইসি। এতে সই করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন এই প্রতীক তালিকা প্রকাশ করা হলো।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ২৫ অক্টোবর ১১৯টি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছিল ইসি। এবার সেই তালিকায় নতুন করে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করেছে। সংশোধিত বিধান অনুযায়ী, অনুচ্ছেদ ২০-এর অধীন স্থগিতকৃত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
নতুন তালিকায় আনারস, আপেল, আম, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কুড়াল, কোদাল, গরুর গাড়ি, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চশমা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেবিল, টেলিফোন, টেলিভিশন, ট্রাক, ট্রাক্টর, ডাব, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), পালকি, প্রজাপতি, ফুটবল, বই, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রিকশা, লাঙল, লিচু, শাপলা কলি, সিংহ, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, হরিণ, হাঁস, হাত, হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার, হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রয়েছে।
তালিকায় থাকা ‘নৌকা’ প্রতীকটি ‘স্থগিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর নতুন সংযোজিত ‘না’ প্রতীকটি রাখা হয়েছে সাধারণ প্রতীক তালিকায়।
সংসদ নির্বাচনে কোনো আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকাতে ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধান রয়েছে।