বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হয়।

এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, উচ্চ মাধ্যমিকে আট হাজারের কাছাকাছি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। ভর্তির নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd/) এবং এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।

ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তির ফি নিশ্চিত করতে হবে। নীতিমালা অনুযায়ী, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।

শিক্ষার্থী নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে হবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

আবেদন করেও আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী আবেদন করেও নির্বাচিত হয়নি। এবার সারা দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ১১টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদনই করেনি। আর ৪১৬টি কলেজে আবেদন করা হলেও কোনো আসন বরাদ্দ করা হয়নি। এবার ভর্তিযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান ৮ হাজার ১৮০টি।

 

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন শেষ হয় ১৩ সেপ্টেম্বর।

নীতিমালা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর। তবে যারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে ফলাফল পরিবর্তন হয়েছে তারা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেন। তাদের সঙ্গে বাদ পড়া শিক্ষার্থীরাও আবেদন করে।

আগামী ২০-২২ সেপ্টেম্বর ভর্তি শেষে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102