মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব দপ্তর সরকার নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এসব অফিস। তবে জরুরি পরিসেবা নতুন অফিসসূচির আওতা বহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি শিক্ষার সব দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা জানান, শিক্ষার সব দপ্তরের জন্য এ চিঠি জারি করা হয়েছে। এটা মূলত অফিসের জন্য। ডিডি অফিস, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ সব অফিসের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়র এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লিখিতভাবে নির্ধারণ করল।
মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের চিঠির নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আদালতের অফিস সময়সূচি নির্ধারণে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা করবেন।
বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।