ঢাকায় পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবার দুই শীর্ষ কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিন বিকেল ৫টার দিকে রাজধানীর ডেমরা থানার সেনোয়ারা গ্রিন পার্ক এলাকায় একটি চারতলা ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগমকে (৩৮) আটক করা হয়। তাকে ‘হেরোইন সম্রাজ্ঞী’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
পুলিশ জানিয়েছে, হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বটতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানায় ডিএনসি।
অভিযানে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
ডিএনসি জানায়, সীমান্ত থেকে আনা এসব মাদকের মূল্য হুন্ডির মাধ্যমে পরিশোধ করা হতো। মাদক উদ্ধারস্থল ভিন্ন হওয়ায় তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে।