পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বিশেষ করে কালো ধোঁয়া নির্গত করে এমন পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়। এতে জানানো হয়, জ্বালানি তেলের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হবে। নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব বাস শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে। অন্যদিকে, সাধারণ ক্ষেত্রে ইলেকট্রিক বাস আমদানিতে মোট ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে একদিকে যেমন বায়ুদূষণ কমবে, অন্যদিকে তেমনি জ্বালানির ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ঘটবে।