বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নাম লেখালেন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে।
সুইডেনের আসন্ন ঘরোয়া টুর্নামেন্ট ‘নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি’-তে নাম লিখিয়েছেন তিনি। ড্রাফটে ওঠার আগেই সরাসরি চুক্তিতে এই টুর্নামেন্টে দল পেয়েছেন টাইগার ক্রিকেটের এই ‘পোস্টার বয়’।
জানা যায়, সুইডেনে প্রথমবারের মতো বড় পরিসরে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। ছয় দলের এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের নামী ক্রিকেটাররা অংশ নেবেন।
সাকিবের আগে নিউজিল্যান্ডের টম ব্রুস এবং ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেলের মতো তারকাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে আয়োজকরা।
সাকিব আল হাসান এই আসরে খেলবেন ‘উপসালা টাইগার্স’-এর হয়ে। দলটির পক্ষ থেকে সাকিবের যোগদানের বিষয়টি নিশ্চিত করে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় উপসালা টাইগার্স জানায়, ড্রাফটের আগে আমাদের সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং ঘোষণা করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে আমাদের হয়ে মাঠে নামবেন।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে মাঠের লড়াই শুরু হবে। এবারের গ্রীষ্মকালীন মৌসুমে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম আসর বসবে। সংক্ষিপ্ত এই টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল।