শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব জেলায় এখনও জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই স্কুলগুলো প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।
মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সময়োপযোগীভাবে পরিচালনার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য জানান। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন, এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।