রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নিম্নমানের পণ্য উৎপাদনকারী ৪৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত বিশেষ নজরদারিতে মোট ১ হাজার ৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭৫০টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৭০১টি মানসম্মত এবং ৪৯টি নিম্নমানের পাওয়া গেছে। নিম্নমানের পণ্য উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও শোকজ করা হয়েছে।

রোববার (১ মার্চ) ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের গৃহীত বিশেষ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

শিল্প সচিব বলেন, রমজানে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, বাজার তদারকি ও নমুনা পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইফতার ও সেহরিতে ব্যবহৃত খাদ্যপণ্য যেমন ভোজ্যতেল, খেজুর, মুড়ি, সেমাই, নুডুলস, পানীয় ও দুগ্ধজাত পণ্যের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। খোলা বাজার ও উৎপাদনস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিএসটিআই’র ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।

শিল্প সচিব আরও বলেন, অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয় বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে একাধিক অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসটিআই’র মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102