ঢাকা-৮ আসনে শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আচরণ ছিল ন্যক্কারজনক। আন্দোলনকারীদের ওপর হামলা ও লাঠিচার্জ প্রশাসনের জন্য চরম লজ্জার বিষয় উল্লেখ করে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, পুলিশের হামলায় আহত অনেককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন উল্লেখ করে জানান, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। জাবের, জুমাসহ একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন, এমনকি প্রার্থী মহিউদ্দিন রনিকেও মারধরের শিকার হতে হয়েছে। এ ধরনের সহিংস রাজনৈতিক সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী ইশতেহারে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে নাসীরুদ্দীন বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিচার বিভাগ আলাদা। নির্বাচন আয়োজন ও হত্যার বিচার দুটো বিষয় পরস্পর বিরোধী নয়। পরিকল্পিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না।
তিনি বলেন, যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে। জনগণ ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবে। যারা গত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা এবার তাদের অধিকার প্রয়োগ করবে।