কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন দেশটির ডানপন্থি রাজনীতিবিদ লরা ফার্নান্দেজ। রোববার (১ ফেব্রুয়ারি) ৩১ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ৫৩ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বামপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল লিবারেশন পার্টির আলভারো রামোস। ৪ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি ক্লাউদিয়া ডবলেস।
দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্যমান বাস্তবতায় ফার্নান্দেজ ও রামোস ছাড়া কোনো প্রার্থীই ৫ শতাংশের বেশি ভোট পাবেন না বলে মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচনে জিততে ফার্নান্দেজের দরকার কমপক্ষে ৪০ শতাংশ ভোট। কোনো প্রার্থী ৪০ শতাংশের বেশি ভোট না পেলে নির্বাচন গড়াবে রান অফে। আগামী ৫ এপ্রিল দেশটিতে রান অফ নির্বাচনের দিন ধার্য আছে।
ঐতিহাসিকভাবে মধ্য আফ্রিকার শান্তিপূর্ণ দেশ কোস্টারিকা। সম্প্রতি দেশটিতে অপরাধ কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে ব্যাপক প্রভাব বিস্তার করতে পাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ‘কঠোর নিরাপত্তা নীতি’ নিয়ে ক্যাম্পেইন করে প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজের সফল উত্তরসূরি হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩৯ বছর বয়সী ফার্নান্দেজ। রদ্রিগো সরকারের পরিকল্পনা ও অর্থমন্ত্রী ছিলেন তিনি।
পাশাপাশি কোস্টারিকায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫৭ আসনের পার্লামেন্টে সুপারমেজরিটি না পেলেও ভালো ফল করতে পারে চাভেজের দল পিপিএসও।