অভ্যন্তরীণ বিভিন্ন খাতে তীব্র শ্রমিক সংকট দেখা দেওয়ায় অতিরিক্ত ৬৫ হাজার এইচ-২বি অস্থায়ী কর্মী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ভিসা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইস্যু করা হবে বলে জানিয়েছে ফেডারেল সরকার।
প্রতি বছর ভবন ও স্থাপনা নির্মাণ, হোটেল ও পর্যটন শিল্প, নগর সৌন্দর্যবর্ধন, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শ্রমনির্ভর খাতে জনবল চাহিদা মেটাতে ৬৬ হাজার এইচ-২বি অস্থায়ী ভিসা প্রদান করে যুক্তরাষ্ট্র। এবার এর সঙ্গে যুক্ত হলো আরও ৬৫ হাজার ভিসা। ফলে ২০২৬ সালে মোট অস্থায়ী এইচ-২বি ভিসার সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩১ হাজার।
মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার প্রধান কারণ যুক্তরাষ্ট্রে চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। ২০২৫ জানুয়ারি ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অবৈধ অভিবাসীদের বিতাড়ন সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিলে স্বাক্ষর করার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও তাদের দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত এক বছরে হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। ফলে দেশটির কায়িক শ্রমভিত্তিক খাতগুলোতে কর্মী সংকট বিগত বছরগুলোর তুলনায় তীব্র আকার নিয়েছে। এই সংকট কাটাতেই ভিসার সংখ্যা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র।