যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনার মধ্যেই একটি মার্কিন ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) নোঙর ফেলেছে ইসরায়েলি বন্দরে। ইসরায়েলভিত্তিক প্রচারমাধ্যম ওয়াইনেট ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
ওয়াইনেট জানায়, মিসর এবং জর্ডান সীমান্তের নিকটবর্তী আকাবা উপসাগরের দক্ষিণের একটি বন্দরে এই যুদ্ধজাহাজটি নোভর ফেলে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান সহযোগিতার একটি অংশ বলে জানানো হয়। তবে এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধে মার্কিন নৌবাহিনী এবং ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে সাড়া দেয়নি।
পরবর্তীতে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, নিরাপত্তার কারণে সামরিক বাহিনী অপারেশনাল বিশদ নিয়ে আলোচনা করতে পারে না। তিনি আরও যোগ করেন, পরিষেবা সদস্যদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেন, রাষ্ট্রপতির যেকোনো পদক্ষেপে সাড়া দেওয়ার জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যেতে সতর্ক করেছেন, অন্যথায় আরও কঠোর মার্কিন পদক্ষেপের মুখোমুখি হতে হবে। অন্যদিকে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
ট্রাম্প আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আর্মার্ডা ইরানের দিকে এগিয়ে আসছে। যদিও তিনি আশা করেন যে এটি ব্যবহার করার প্রয়োজন হবে না।