সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

মায়ের চেষ্টা ব্যর্থ করে হিমায়িত পুকুরে পড়ে তিন ভাইয়ের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

খেলতে নেমে এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিমায়িত একটি পুকুরে পড়ে তিন ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন হাওয়ার্ড (৬), কালেব (৮) ও ইজে ডস (৯)।

স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কাছেই খেলতে গিয়ে বরফে ঢাকা পানিতে পড়ে যায় শিশুরা।

বিবিসি জানিয়েছে, নিহতদের মা শায়েন হ্যাঙ্গাম্যান দুর্ঘটনার খবরটি প্রথমে জানতে পারেন তাঁর মেয়ের কাছ থেকে। মেয়েটি দৌড়ে এসে চিৎকার করে জানায়, তার তিন ভাই পুকুরে পড়ে গেছে। পুকুরটি তাদের বাড়ি থেকে আনুমানিক ১০০ ফুট দূরে ছিল।

হ্যাঙ্গাম্যান জানান, তাঁর ছোট ছেলে হাওয়ার্ড বরফের ওপর ‘আইস স্কেটিং’ করার চেষ্টা করছিল। সেই সময়ই বরফ ভেঙে সে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে কলেব ও ইজে ডস একে একে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু বরফ এতটাই পাতলা ছিল যে মুহূর্তের মধ্যেই তিনজনই পানির নিচে চলে যায়।

সন্তানদের উদ্ধারের জন্য পুকুরে ছুটে যান মা শায়েন হ্যাঙ্গাম্যান। পানি থেকে সন্তানদের একে একে তুলে তিনি বরফের ওপর রাখার চেষ্টা করছিলেন। কিন্তু প্রতিবারই পাতলা বরফের স্তর ভেঙে তারা আবারও পানিতে তলিয়ে যাচ্ছিল। কান্নায় ভেঙে পড়ে হ্যাঙ্গাম্যান বলেন, ‘তিনজন ছিল, আর আমি ছিলাম একা… এ কারণেই আমি ওদের বাঁচাতে পারিনি।’ বরফশীতল পানিতে সন্তানদের শরীর দ্রুত শকে চলে গিয়েছিল বলেও তিনি জানান।

উদ্ধারকাজের সময় হ্যাঙ্গাম্যান নিজেও পানিতে পড়ে বিপদে পড়েন। পরে প্রতিবেশীর সহায়তায় তিনি রক্ষা পান। ওই প্রতিবেশী শিশুদের স্কুলের একজন ফুটবল কোচ ছিলেন। তিনি চিৎকার শুনে ছুটে এসে ঘোড়ার দড়ি ব্যবহার করে হ্যাঙ্গাম্যানকে পানি থেকে টেনে তোলেন।

স্থানীয় শেরিফ অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি সেবা কর্মী ও এক প্রতিবেশীর সহায়তায় প্রথমে দুই বড় ভাইকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ব্যাপক তল্লাশির মাধ্যমে ছয় বছরের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মা হ্যাঙ্গাম্যান জানিয়েছেন, ইজে ফুটবল তারকা হওয়ার স্বপ্ন দেখত, কালেব গান গাইতে ও নাচতে ভালোবাসত, আর ছোট হাওয়ার্ড মানুষকে হাসাতে পছন্দ করত।

উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ শীতকালীন ঝড়ে টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102