বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

জলবায়ু কর্মসূচি নিয়ে ইডকলের পরামর্শ সভা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) কোরিয়া এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (কেইটিআই)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা প্রযুক্তি এবং বাংলাদেশের জলবায়ু কার্যক্রম নিয়ে আলোচনা করতে একটি স্টেকহোল্ডার কনসালটেশন সভার আয়োজন করে।

পরামর্শ সভায় ইডকলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর প্রতিনিধিরা, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, ইপিসি কন্ট্রাক্টর, প্রকৌশলী এবং খাতভিত্তিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সভায় দেশে বিদ্যমান নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা প্রযুক্তি, জলবায়ু প্রশমন প্রকল্পে অর্থায়ন ব্যবস্থা, বাজার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ইডকল-এর সিইও আলমগীর মোরসেদ বলেন, কার্যকর উন্নয়ন অর্থায়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের নিম্ন-কার্বন রূপান্তর ত্বরান্বিত করতে জলবায়ুবান্ধব প্রযুক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে ইডকল প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান (জাতিসংঘ) জনাব এ কে এম সোহেল বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নত প্রযুক্তি ও জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। কেইটিআইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগকে আরও শক্তিশালী করবে এবং টেকসই শিল্প উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

কেইটিআই প্রতিনিধিদল জলবায়ুকেন্দ্রিক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে সহযোগিতা, জ্ঞান বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

এই পরামর্শ সভার মাধ্যমে উদ্ভাবনী অর্থায়ন ও কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু ও টেকসই উন্নয়ন লক্ষ্যে ইডকলের ভূমিকা পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102