দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘বকুলপুর’-এর তৃতীয় মৌসুম আসছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং এর সব ডিজিটাল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে সিরিজটির প্রচার শুরু হবে।
এ উপলক্ষে দীপ্ত টিভি প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ধারাবাহিকটির অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক ও দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একদিকে যাত্রাপালার রঙিন জীবন ও নানা টানাপড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সাজানো হয়েছে নতুন মৌসুমের কাহিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা
গল্পে আব্বাস বেগ আবারো বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। হেরে যান সাবেক চেয়ারম্যান দীবা। বিজয় মিছিলে আব্বাসকে ফুলের মালা দিয়ে বরণ করতে আসে রহস্যময়ী নারী নন্দিনী ও প্রতিদ্বন্দ্বী মেহেরজান। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বকুলপুরের মানুষের অনুরোধে নন্দিনীর মাধ্যমে এলাকায় যাত্রাপালা নিয়ে আসেন আব্বাস।
বকুলপুরে আসে নতুন যাত্রাদল ‘দি নিউ মালঞ্চ অপেরা’। দলটির যাত্রাপালা বন্ধ করতে উঠে পড়ে লাগে গ্রামের প্রভাবশালী উজান দেওয়ান। আব্বাসের সঙ্গে তার দ্বন্দ্বের অন্যতম কারণ ছোটবোন নাইয়রী। অন্যদিকে, লীলাবতী সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে মেহেরজান। একদিন লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী হামলা হলে সন্দেহের তীর ওঠে মেহেরজানের দিকে। পরে একটি টেলিফোন কল তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সন্দেহ তৈরি হয় আসমাকে ঘিরে। এরপর আসমার ওপরও হামলা হয়।
ঘটনাপ্রবাহে এসআই ফরহাদের মনে হতে থাকে, বকুলপুরকে অস্থিতিশীল রাখতে এলাকায় সক্রিয় রয়েছে অদৃশ্য কোনো শক্তি। কে সেই ব্যক্তি? দাদাভাই, না কি তার কোনো এজেন্ট? এমন নানা প্রশ্ন ও রহস্য নিয়েই হাজির হচ্ছে ‘বকুলপুর সিজন-৩’।
আহমেদ শাহাবুদ্দীন রচিত ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এ নাটকে আগের দুই মৌসুমের জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বেশ কিছু নতুন মুখ।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ডেভোরা কুইয়াহ সিলভিয়া, উপমা, অনু, দিশা, শাহেদ শাহরিয়ার, শাকিল আহমেদ, মঈন হাসান, শামীম মোল্লাহ, মুস্তাফিজ শাহিন প্রমুখ।
ধারাবাহিকটি প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে।
‘বকুলপুর’ সিরিজের তৃতীয় মৌসুমের পোস্টার