শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
তিনি বলেছেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলাতেও সম্পৃক্ত হতে হবে। এতে শিক্ষার্থীরা মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।”
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ কে এম ফজলুল হক মিলন বলেন, “একটি ছোট সমাজ থেকেই বড় রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এজন্য শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনই শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। শুধু বিদ্যালয়ের ভবন বা আধুনিক অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার মান নিশ্চিত হয় না। এর জন্য শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পরিশ্রম প্রয়োজন।”
স্থানীয় কর্মসংস্থানের বিষয়ে সংসদ সদস্য বলেন, “কালীগঞ্জের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। স্থানীয় বেকারদের যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত করা গেলে এলাকার বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, আলমগীর হোসেন স্বপন ও ইব্রাহিম প্রধান।
অনুষ্ঠানে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এমপি এ কে এম ফজলুল হক মিলনের দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি পর্যায়ক্রমে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পরে উপজেলার বক্তারপুরের ফুলদী এলাকায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেন এ কে এম ফজলুল হক মিলন এমপি।