আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর থেকেই ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদারের গতিশীল নেতৃত্বে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তার সময়ে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার এবং বিভিন্ন স্থান থেকে চোরাই সিএনজি উদ্ধারেও তিনি অনন্য সাফল্য দেখিয়েছেন। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রাখায় তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
নিজের এই অর্জন সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিক-নির্দেশনা এবং চন্দনাইশ থানার প্রতিটি অফিসার ও ফোর্সের আন্তরিক পরিশ্রম ও দলগত কাজের ফলেই এটি সম্ভব হয়েছে। এ ধরনের স্বীকৃতি জনগণের সেবায় আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রবল অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ওসি (ওয়াচ অফিসার) হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই কাজের স্বীকৃতিস্বরূপ গত মে মাসে তিনি চট্টগ্রাম জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন এবং ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বর মাসে আবারও বিশেষ পুরস্কারে ভূষিত হলেন।