রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সরকারের ১৮০ দিনের ‘সাফল্য’ তুলে ধরলো নোবিপ্রবি ছাত্রদল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের ‘ব্যর্থতা’ তুলে ধরে জাতীয় ছাত্রশক্তির টাঙানো ব্যানারের বিপরীতে বিএনপি সরকারের ১৮০ দিনের ‘সাফল্য’ তুলে ধরে পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে নোবিপ্রবি ছাত্রদলের একাংশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির টাঙানো ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানারের জবাবে এসব পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, গ্যারেজ, শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এগুলো টাঙানো হয়েছে।

এতে ‘সরকারের প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শীর্ষক এসব ব্যানার ও ফেস্টুনে দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ঋণ পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য মজুদ বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণ, শ্রমবাজার সম্প্রসারণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগের কথাও এসব ব্যানার ও ফেস্টুনে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাব্বির হোসেন বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার দেশের কল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করেছে। কিন্তু একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তারেক রহমানের জনপ্রিয়তা এবং সরকারের জনবান্ধব কর্মকাণ্ড ও উদ্যোগগুলো দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। তাই আমরা, নোবিপ্রবি ছাত্রদল, মনে করেছি সরকারের গত ছয় মাসের উল্লেখযোগ্য সাফল্য ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো সবার সামনে তুলে ধরা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে এসব ব্যানার টাঙানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে অর্থনৈতিক অব্যবস্থাপনা, লোডশেডিং ও ব্যাংক খাতসহ নানা বিষয়ে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙায় ছাত্রশক্তি নোবিপ্রবি শাখা। মধ্যরাতে প্রক্টরিয়াল বডি সেসব ব্যানার অপসারণ করলেও পরে তা পুনরায় টাঙিয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তবে সকাল হতেই সেসব ব্যানার আবার উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102