রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, একটি গুদাম সিলগালা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুতের অভিযোগে দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স-এর গুদামে অনুমোদিত সীমার বাইরে সার মজুতের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ২০৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া এবং ৫৮ বস্তা এমওপি সার।

প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ডিলার পয়েন্টটি পরিচালনা করছিলেন।

অনুমোদিত সীমার বাইরে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত সার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে একই সময়ে পাকেরহাট এলাকায় বিএডিসি’র নিবন্ধিত সার ডিলার মেসার্স মহাদেব ট্রেডার্স-এর গুদামে অভিযান চালায় জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ। প্রতিষ্ঠানটির মালিক মহিতোষ চন্দ্র চন্দ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদাম থেকে মোট ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩০০ বস্তা এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১০০ বস্তা ডিএপি সার রয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং গুদামটি সিলগালা করে দেন।

অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, থানা পুলিশের সদস্য এবং কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার মজুত ও বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করতে ডিলারদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও অনুমোদিত সীমার বাইরে সার সংরক্ষণ করায় কৃষকদের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার জানান, টংগুয়া বাজার থেকে জব্দ করা ২০৭ বস্তা সার শনিবার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে পাকেরহাট থেকে জব্দ করা সারও প্রচলিত বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কিংবা কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102