গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে অভিযুক্ত আকবর শেখ (৩৫) ও সোহাগ কাজীকে (৩৬) গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কৃষিকাজের জন্য গৃহবধূর স্বামী অন্য জেলায় যান। এরপর ৮ সেপ্টেম্বর রাত প্রায় ২টার দিকে চার ব্যক্তি সিধ কেটে ঘরে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা সন্তানদের মুখ চেপে ধরে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগী পালানোর চেষ্টা করলে প্রধান অভিযুক্ত আকবর শেখের ডান হাতের আঙুলে কামড় দেন। এ সময় তাকে ঘুষি মারলে তার তিনটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত গৃহবধূকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর বাবা ১০ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।