রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের জামাল মিয়া নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. জামাল মিয়া (৪০) নামে প্রবাসী ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক। তার সন্তানদের মধ্যে বড় ছেলে বায়েজিদের বয়স ৮ বছর, মেয়ে সিনথিয়ার ৩ বছর এবং ছোট মেয়ে সামিরা আক্তারের বয়স ২ বছর।

স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে নিজ উদ্যোগে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। দোকানে একজন কর্মচারী রেখে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বুধবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি তার দোকানে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। দোকানে থাকা অপর এক কর্মচারীও গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামাল মিয়ার বাবা ছিডু মিয়া বেপারী বলেন, আমার ছোট ছোট নাতিগুলো অল্প বয়সে এতিম হয়ে গেল। কী দুর্ভাগ্য আমাদের, ছেলের লাশটাও ছুঁয়ে দেখার সুযোগ পেলাম না। বাবা হিসেবে এর চেয়ে কষ্ট আর কী হতে পারে।

তিনি বলেন, তার একমাত্র চাওয়া দ্রুত ছেলের মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করা। এ জন্য বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া বলেন, জামাল মিয়া নিহত হওয়ার বিষয়টি তিনি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাৎক্ষণিক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আমার পরিচিত একজন কর্মকর্তা আছেন। নিহত জামাল মিয়ার বৈধ কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102