সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আবু জাহিদ ডাবলু। এ সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এই ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ করেছে। এটা প্রমাণিত। ৬০০-এর অধিক মাদ্রাসা ও অন্যান্য পুরুষকে বলাৎকার করেছে এই জামায়াতে ইসলামী। এটা সত্য। আমার কাছে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
ডাবলু ওই বক্তব্য দেওয়ার পর এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকে তাঁর বক্তব্যের সমালোচনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা চিরস্মরণীয়। স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে নারীদের অংশগ্রহণ ও ত্যাগ অনন্য। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে বুকে ধারণ করে আগামী দিনেও সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া এবং স্থানীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
বুধবার রাতে পাঠানো এক প্রতিবাদ বার্তায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে এ ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
তিনি ভবিষ্যতে রাজনৈতিক মঞ্চে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।