বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো প্রিয় মুখটি দেখতে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু ঘাতক ট্রাকের চাকা সেই শেষ দেখাটুকুও কেড়ে নিল। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে চলে গেলেন ছেলে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর আলম জিকু (৪৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবরটি পাওয়ার পর জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মোটরসাইকেলটি বালিবাহী ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জিকু।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নূর আলম জিকু (৪৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।