জার্মানির জাক্সেন-আনহাল্ট অঙ্গরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে দেশটির কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড (এএফডি)। ক্ষমতাসীন জোটের প্রধান দল চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এবং শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) ভরাডুবির মধ্যে এএফডি ৮৩টি আসনের মধ্যে ৩৯টিতে জয় পেয়েছে। দলটির নেতারা এই ফলাফলকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে উলরিশ সিগমুন্ডের নেতৃত্বে এএফডি প্রায় ৪৪ শতাংশ আসনে জয় পেয়েছে। নির্বাচনের এই ফলাফল জার্মানির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভোট গণনা শেষে সিডিইউ পেয়েছে ১৭ দশমিক ২ শতাংশ ভোট। এসপিডি পেয়েছে ৯ দশমিক ৩ শতাংশ, গ্রিন পার্টি ৮ দশমিক ৯ শতাংশ, বামপন্থী দল ‘দি লিংকে’ ৮ দশমিক ৬ শতাংশ এবং বুন্ডনিস সাহরা ভাগেনক্নেশট (বিএসভি) পেয়েছে ৫ দশমিক ৩ শতাংশ ভোট। এফডিপিসহ কয়েকটি দল ৫ শতাংশ ভোটের বাধা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।
জাক্সেন-আনহাল্টে এএফডির এই সাফল্য শুধু ওই অঙ্গরাজ্যের রাজনীতিতেই নয়, পুরো জার্মানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজনীতিতে কট্টর ডানপন্থী শক্তির এমন উত্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নির্বাচনী ফলাফল এএফডিকে অঙ্গরাজ্যটিতে সরকার গঠনের সম্ভাবনার কাছাকাছি নিয়ে গেছে।
জার্মানির রাজনীতি পর্যবেক্ষণকারীদের অনেকে মনে করছেন, অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি ও গ্যাসের উচ্চমূল্য, অভিবাসন ইস্যু এবং ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রভাবের মতো বিষয়গুলো এএফডির জনসমর্থন বাড়াতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতির প্রতি অসন্তোষও নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করছেন তারা।
তবে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও এএফডির সঙ্গে জোট সরকার গঠনে অনাগ্রহ প্রকাশ করেছে অন্য রাজনৈতিক দলগুলো। দলটির কট্টর ডানপন্থী অবস্থান ও অভিবাসনবিরোধী নীতির কারণে মূলধারার দলগুলোর মধ্যে এএফডিকে নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দূরত্ব রয়েছে।
ফলে জাক্সেন-আনহাল্টে নতুন সরকার গঠন কঠিন সমীকরণে পড়তে পারে। এএফডিকে বাদ দিয়ে অন্য দলগুলোকে সরকার গঠন করতে হলে একাধিক দলের সমন্বয়ে জোট গঠন করতে হবে। অন্যদিকে বিপুল ভোট পাওয়া এএফডিকে বাইরে রেখে সরকার গঠন করা কতটা কার্যকর হবে, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
জাক্সেন-আনহাল্টের নির্বাচনি ফলাফল ইতোমধ্যে জার্মানির পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে এএফডির দ্রুত উত্থান, ক্ষমতাসীন জোটের দুর্বলতা এবং চ্যান্সেলর মের্জ সরকারের সামনে তৈরি হওয়া রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়গুলো।