নেপালে ভারী বৃষ্টি ও বন্যার কারণে ধাদিংয়ের কৃষ্ণাভীরে সড়ক ধসে পড়ায় পৃথ্বী মহাসড়কের মুগলিং–কাঠমান্ডু অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শত শত যানবাহন ও হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।
বাগমতী প্রদেশ ট্রাফিক পুলিশ অফিসের প্রধান দিলীন পাণ্ডের বরাত দিয়ে জানা গেছে, কৃষ্ণাভীরে অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের ভিত্তি দেবে যাওয়ায় উভয় দিকের যান চলাচল বন্ধ রয়েছে।
সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ায় মুগলিং হয়ে কাঠমান্ডু থেকে বের হওয়া এবং কাঠমান্ডুতে প্রবেশের পথে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়কের ক্ষয়ক্ষতি গুরুতর হওয়ায় মেরামত করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।
এদিকে, আজ সকাল থেকে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ভূমিধসও অব্যাহত রয়েছে। ফলে পৃথ্বী মহাসড়কের এই অংশে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহাসড়কটিতে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।