রাজধানীর রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় যুবদল নেতা মনিরুল ইসলাম মনিরকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সম্ভাব্য পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক পদে শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। মাঠের রাজনীতি, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীর কাছেই তিনি এখন আস্থার নাম।
বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন দারুসসালাম থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিতে দীর্ঘদিন ধরে সরব উপস্থিতির কারণে তিনি সংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে পরিচিত ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলা এবং গ্রেপ্তার অভিযানের মধ্যেও রাজপথ ছাড়েননি মনিরুল ইসলাম মনির। ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন, মিছিল, পদযাত্রা, অবরোধ ও গণসমাবেশে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। বিশেষ করে রাজধানীতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সংগঠিত করা এবং মাঠে সক্রিয় রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
যুবদলের নেতাকর্মীদের দাবি, জুলাইয়ের গণঅভ্যুত্থানকেন্দ্রিক আন্দোলনেও সামনের সারিতে ছিলেন মনির। আন্দোলনের সময় সংঘর্ষে আহত ও রক্তাক্ত হওয়ার ঘটনাও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজপথে অবস্থান নেওয়ায় তৃণমূলের অনেক কর্মী তাকে ‘ত্যাগী ও পরীক্ষিত নেতা’ হিসেবেই মূল্যায়ন করছেন।
দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা এবং সাংগঠনিকভাবে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার কারণে মনিরুল ইসলাম মনিরের একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে দারুসসালাম থানা যুবদলের নেতৃত্বে থাকাকালে তিনি সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন কর্মী তৈরি এবং আন্দোলনমুখী কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে সংশ্লিষ্টরা জানান।
২০২৩ সালে যুবদল ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপর থেকেই মহানগর উত্তরের রাজনীতিতে তার সক্রিয়তা আরও দৃশ্যমান হয়। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, দলীয় সভা-সমাবেশ এবং আন্দোলন ঘিরে নেতাকর্মীদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায় তাকে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্ভাব্য পূর্ণাঙ্গ কমিটি ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও মাঠের রাজনীতিতে সক্রিয়, ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে মনিরুল ইসলাম মনিরের নাম এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর যুবদলের আলোচিত এই সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনিরুল ইসলাম মনির বলেন, প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান যদি মনে করেন ঢাকা মহানগর উত্তর যুবদলে যোগ্য স্থানে আমাকে রাখবেন সেই ক্ষেত্রে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।