এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ঈদের আগে মিলবে কি না—এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। আসন্ন ঈদুল আজহা ২৮ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় অনেকেই আশা করছেন, ঈদের আগেই বেতন প্রদান করবে সরকার। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, চলতি মাসের বেতন বিল দাখিলের কার্যক্রম চলছে এবং ১৩ মে পর্যন্ত বিল সাবমিট করার নির্দেশনা ছিল। এরপর যাচাই-বাছাই শেষে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা। সেখান থেকে অনুমোদন এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ঈদের আগে বেতন ছাড় করা সম্ভব হবে বলে জানিয়েছিল মাউশি।
তবে সংশ্লিষ্টদের মতে, এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো বিশেষ নির্দেশনা জারি হয়নি। ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় গেলে মে মাসের বেতন ঈদের আগে পাওয়ার সম্ভাবনা কম।
মাউশির ইআইএমএস সেলের এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় টেকনিক্যাল ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে। সরকার থেকে নির্দেশনা এলে দ্রুত বেতন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ঈদের আগে মে মাসের বেতন দেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। অভ্যন্তরীণ আলোচনায়ও এমন ধারণা জোরালো হচ্ছে।
শিক্ষক-কর্মচারীরা বলছেন, ঈদের আগে বেতন পেলে কোরবানির ঈদের বাড়তি ব্যয় মেটানো সহজ হতো। কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তাদের মধ্যে হতাশা বাড়ছে।
শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র বলছে, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষ নির্দেশনা এলে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে ঈদের আগে বেতন দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সব মিলিয়ে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ঈদের আগে পাওয়া যাবে কি না—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারি নির্দেশনা না এলে স্বাভাবিক নিয়মে জুন মাসের শুরুতেই বেতন পাওয়ার সম্ভাবনা বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের কয়েকটি গ্রুপে দাবি করা হচ্ছে, চলতি মাসের ২৫ তারিখের দিকে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সরকার এখনো কিছু জানায়নি, ফলে তথ্যটি নিশ্চিত নয়।