ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি দল ‘উল্টাপাল্টা’ কর্মকাণ্ড করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ ও প্রশাসনে দলীয়করণের প্রবণতা বাড়ছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সরকারি দল গণভোটকে অগ্রাহ্য করেছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বিতর্কিত ও দুর্বল ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সময় দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিভিন্ন নির্বাচনে জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা জনগণের সঙ্গে এক ধরনের ‘তামাশা’ বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় অনুগতদের উপাচার্য, প্রো-ভিসি, প্রক্টর ও প্রভোস্টের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, যা উচ্চশিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক।
রংপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে তিনি বলেন, এ অঞ্চলকে দেশের কৃষির রাজধানী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব কর্মসূচি নেওয়া হবে। রাষ্ট্রীয়, বেসরকারি কিংবা যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এর আগে একদিনের সফরে সকালে রংপুরে পৌঁছান জামায়াত আমির। পরে নগরীর একটি মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাদের সম্মেলনে অংশ নেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।