বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ ও জাতির কল্যাণে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেই কাজ করছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৮ মে) সকালে সিলেট অঞ্চলের উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামি আন্দোলনের দায়িত্বশীলদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি স্বতন্ত্র আদর্শভিত্তিক সংগঠন, যারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যোগ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, জামায়াতের জনশক্তি দিন দিন বাড়ছে। এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর জনগণ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। তবে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. আযাদ বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এবং জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো সরকার দীর্ঘমেয়াদে জনগণের আস্থা অর্জন করতে পারে না। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইসলামি আন্দোলনের পথ সবসময়ই চ্যালেঞ্জপূর্ণ। অতীতে নানা বাধা, নিপীড়ন ও ষড়যন্ত্রের মুখেও দলটির কার্যক্রম থেমে যায়নি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
এতে সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, ড. নূরুল ইসলাম বাবুল ও মোহাম্মদ শাহজাহান আলী।