ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক এবং তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
সূত্র জানিয়েছে, আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের আয়োজন করা হবে।
এদিকে, বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাকসুর নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।