ইংল্যান্ডের ফুটবলে স্বচ্ছতা ও আর্থিক স্থিতিশীলতা ফেরাতে ‘ইনডিপেনডেন্ট ফুটবল রেগুলেটর’ (আইএফআর) গঠনের উদ্যোগ নেওয়া হলেও, এখন সেই সংস্থার পরিচালনা ব্যয় নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিশেষ করে এই সংস্থার ক্রমবর্ধমান বাজেট এবং ক্লাবগুলোর ওপর সম্ভাব্য আর্থিক বোঝার অনিশ্চয়তা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইএফআর-এর বার্ষিক পরিচালনা ব্যয় শুরুতে বছরে ১০ মিলিয়ন পাউন্ড ধরা হলেও বর্তমানে তা বহুগুণ বেড়েছে। প্রিমিয়ার লিগ ও ইএফএল ক্লাবগুলো বারবার এই বাজেটের আপডেট জানতে চাইলেও সংস্থাটির কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, গত মাসে প্রিমিয়ার লিগের শেয়ারহোল্ডারদের সভায় আইএফআর-এর শীর্ষ কর্মকর্তাদের ক্লাব প্রতিনিধিদের কঠিন জেরার মুখে পড়তে হয়।
ক্লাবগুলোর ক্ষোভ আরও উসকে দিয়েছে আইএফআর কর্তৃক মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ‘বোস্টন কনসাল্টিং গ্রুপ’ (বিসিজি)-কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত।
বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই ম্যানেজমেন্ট কনসালট্যান্সি ফার্মকে নিয়োগ দেওয়ার ফলে সংস্থার খরচ যে আকাশচুম্বী হবে, তা নিয়ে নিশ্চিত ক্লাব কর্তারা।
আরও জানা যায়, বিসিজি মূলত ফুটবলের বর্তমান পরিস্থিতির ওপর একটি বিশদ প্রতিবেদন তৈরি করবে, যার ওপর ভিত্তি করে প্রিমিয়ার লিগ ও ইএফএল-এর নতুন আর্থিক কাঠামো নির্ধারিত হবে।
বর্তমানে এই সংস্থার খরচ ব্রিটিশ সরকারের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া বিভাগ বহন করলেও ২০২৭-২৮ মৌসুম থেকে পুরো বোঝাটি চাপবে ক্লাবগুলোর ঘাড়ে। শীর্ষ পাঁচ বিভাগের ১১৬টি ক্লাবের কাছ থেকে সংগৃহীত কর বা ‘লেভি’র মাধ্যমে এই খরচ মেটানো হবে।
যদিও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো শুরু থেকেই এই নিয়ন্ত্রক সংস্থা গঠনের বিরোধিতা করে আসছে। তাদের মতে, ২০২৪-২৫ মৌসুমে যেখানে ক্লাবগুলোর সম্মিলিত লোকসান ছিল ১.৬৫ বিলিয়ন পাউন্ড, সেখানে এই বাড়তি ব্যয় কোনোভাবেই কাম্য নয়।
একদিকে আইএফআর-এর সম্ভাব্য খরচ বৃদ্ধি, অন্যদিকে প্রিমিয়ার লিগের নিজস্ব আইনী ও প্রশাসনিক ব্যয় গত পাঁচ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বিশেষ করে ম্যানচেস্টার সিটি ও এভারটনের মতো ক্লাবগুলোর বিরুদ্ধে আর্থিক নীতি লঙ্ঘনের মামলা পরিচালনার কারণে লিগের আইনী খরচ এক বছরে ১১.৩ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ৪৮.১ মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন রেগুলেটরের উচ্চ বিলাসিতা ক্লাবগুলোর বিরক্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমালোচনার মুখে আইএফআর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি সাশ্রয়ী ও ভারসাম্যপূর্ণ বাজেট তৈরির কাজ করছে। চলতি বছরই তারা ক্লাব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনায় বসবে, যেখানে প্রতিটি ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনা করে করের হার নির্ধারণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।