সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে এই দলে মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিশ্চিত হলেও ক্রিকেট অঙ্গনে এখন মূল আলোচনার বিষয়—সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাকে এই টুর্নামেন্টে দেখা যাবে কি না।
শনিবার (১১ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম।
তিনি জানান, সাকিব ও মাশরাফির জন্য দলের দরজা সবসময়ই খোলা। তবে তাদের অংশগ্রহণের বিষয়টি বর্তমান প্রেক্ষাপট ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
শানিয়ান তানিম বলেন, মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারে কিছু জটিলতা আছে যা আপনারা জানেন। আমরা অবশ্যই আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই।
সাকিব এবং মাশরাফিকে আমরা ক্রিকেটার হিসেবেই চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলার সুযোগ পান, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময় খোলা থাকবে।
এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান জানান, এ ধরনের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে সমর্থকদের যোগাযোগ আরও বৃদ্ধি করবে।
টুর্নামেন্ট নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং দলের প্রয়োজন অনুযায়ী যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত। আশা করছি আমরা ভালো কিছু করতে পারব।
অন্যদিকে, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অংশগ্রহণ নিয়ে কিছুটা সংশয় রয়েছে। আশরাফুল জানান, টুর্নামেন্টের সময় ইংল্যান্ডে সাত দিন অবস্থান করতে হবে। সেই সময় যদি জাতীয় দলের কোনো সিরিজ থাকে, তবে বিসিবির অনুমতি সাপেক্ষেই তিনি এই লিজেন্ডস লিগে মাঠে নামবেন।
উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্ভুক্তিতে এই টুর্নামেন্টে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। ইংল্যান্ডের মাটিতে বসতে যাওয়া এই আসরে বিশ্বখ্যাত সাবেক তারকাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।