ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান উত্তজনা নিরসনে আগামী সোমবারের মধ্যে একটি বড় ধরনের চুক্তির সম্ভাবনা দেখছেন তিনি।
রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় আগামীকাল (সোমবার) একটি ভালো সুযোগ রয়েছে। বর্তমানে উভয় পক্ষই আলোচনায় বসেছে।” তবে এই আলোচনার ফলাফল ইতিবাচক না হলে তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তারা দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার এবং তাদের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভাবছি।”
দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ইরান আন্তর্জাতিক এই সমুদ্রপথটি পুনরায় উন্মুক্ত করে কি না, এখন সেটিই দেখার বিষয়। অন্যথায় মধ্যপ্রাচ্যে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।