বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে পড়েছিল মাছ ধরার নৌযানটি। উদ্ধারের আশায় সাগরে ভাসতে ভাসতে নৌযানে চার দিন কাটিয়ে দেন ১৫ জেলে। তবে শেষ পর্যন্ত নৌবাহিনীর জাহাজ তাদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কক্সবাজারের সেন্ট মার্টিন লাইট হাউসের প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে সাগর থেকে তাদের উদ্ধার কর হয়।
বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসমান মাছ ধরার নৌযানটি দেখতে পায় নৌবাহিনীর জাহাজ। পরে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন জেলেরা। এরপর সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত দেখে নৌযানটির দিকে ছুটে যায়। পরে নৌ সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্ট মার্টিনে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। এরপর জেলেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।