দেশের সুপারশপ চেইন ‘স্বপ্ন’ র গ্রাহক ডেটাবেজ হ্যাক করে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) চাঁদা দাবি করেছে হ্যাকাররা এমন তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
‘স্বপ্ন’ র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত একটি র্যানসমওয়্যার গ্রুপ স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার দাবি করে। তবে এ ধরনের বেআইনি দাবির কাছে কোনোভাবেই আপোষ করেনি প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, ‘সাইবার অপরাধীদের এই অযৌক্তিক দাবির কাছে আমরা নতি স্বীকার করিনি। অপরাধীদের সঙ্গে কোনো ধরনের আর্থিক আপোষ করা আমাদের নীতি ও নৈতিকতার পরিপন্থী।’
এ বিষয়ে এসিআই লজিস্টিকস লিমিটেড এক বিবৃতিতে জানায়, গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাদের সহায়তায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাব্বির হাসান নাসির আরও বলেন, “গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। গ্রাহকের আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা নিশ্চিত করছি, গ্রাহকদের সংবেদনশীল আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।”