সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ঠিকানা পরিবহনের ৬ বাস আটক ​​​​​​​

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসব বাস আটক করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মামুন। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। পরে ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি হাঁটু ও হাতে আঘাত পান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামুন বলেন, ‘এ ধরনের গর্হিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার বিষয়ে ঠিকানা পরিবহনের এক স্টাফ বলেন, ‘আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে এবং বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঠিকানাসহ অন্যান্য পরিবহন কর্তৃপক্ষকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিলেও চালক ও হেলপারদের এমন আচরণ বন্ধ হচ্ছে না। বাস মালিক পক্ষকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102