ইরান ও রাশিয়ার তৈরি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্রসহ অন্তত ১১টি দেশ। সোমবার (৯ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ও এ-সংক্রান্ত প্রশিক্ষণের জন্য ১১ দেশের কাছ থেকে অনুরোধ পেয়েছে কিয়েভ।
শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন জেলেনস্কি। তিনি লেখেন, ‘শাহেদ’ ড্রোন এবং এ ধরনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় ইউক্রেনের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার জন্য বিভিন্ন দেশের করা অনুরোধ তারা বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যারা আমাদের জনগণের জীবন এবং ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় সাহায্য করে, তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে ইউক্রেন প্রস্তুত। কিছু অনুরোধের বিষয়ে ইতোমধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সহায়তা দেওয়া শুরু হয়েছে।’