দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই চালকদের ভোগান্তি কমাতে তৈরি হয়েছে নতুন একটি অ্যাপ— ‘তেল কই’। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জনমনে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে। অনেক জায়গায় পাম্পে দীর্ঘ লাইন, ভিড় কিংবা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন চালকরা।
এই পরিস্থিতি মাথায় রেখে তরুণ প্রযুক্তিবিদ সজিব খান তৈরি করেছেন ‘তেল কই’ নামে একটি ওয়েবভিত্তিক অ্যাপ। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ‘পাঠাও লিমিটেড’-এ ডেটা অ্যানালিটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কাজ করছেন।
‘তেল কই’ অ্যাপটি স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার—যেকোনো ডিভাইস থেকেই সহজে ব্যবহার করা যায়। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে বর্তমানে তেল মজুত আছে, কোথায় তেল শেষ হয়ে গেছে এবং কোন পাম্পে গাড়ির লাইন বা ভিড় কতটা।
এটি মূলত একটি কমিউনিটি-বেসড প্ল্যাটফর্ম। অর্থাৎ ব্যবহারকারীরাই কোনো পাম্পে তেলের অবস্থা, লাইনের পরিস্থিতি বা দাম সম্পর্কে তথ্য যুক্ত করতে পারেন। ইতোমধ্যে দেশের প্রায় ২৮৭টি পেট্রোল পাম্পের তথ্য এতে যুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে জেন-জি প্রজন্মের তরুণরা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসছে। ‘তেল কই’-এর পাশাপাশি চাঁদাবাজি রোধে ‘চান্দাওয়াচ’ এবং রমজানে ইফতারের খোঁজ দিতে ‘বিরিয়ানি দিবে’র মতো অ্যাপও তৈরি হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যথাযথ সুযোগ ও সহায়তা পেলে তরুণ প্রজন্মের এই ধরনের উদ্ভাবন দেশের বিভিন্ন নাগরিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। ‘তেল কই’ অ্যাপটিও চালক ও পরিবহন খাতের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।